প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৫৮ পিএম

প্রেমের সম্পর্কের পর বিয়ে, এরপর ১২ লাখ টাকা লেনদেন, চেক ডিজঅনার, দাম্পত্য বিচ্ছেদ এবং একাধিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার চেয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিন্দুরিয়া গ্রামের বাসিন্দা মো. নূর আলম মিয়া (২৫)। তিনি বর্তমানে সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যয়নরত।

সাংবাদিকদের কাছে দেওয়া মৌখিক অভিযোগে নূর আলম মিয়া বলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. শামসুল মিয়ার মেয়ে সাদিয়া আক্তারের (২১) সঙ্গে দীর্ঘদিনের পারস্পরিক ভালোবাসার সম্পর্কের পর ২০২৫ সালের ১৯ মার্চ ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়।

 নূর আলম মিয়া ও সাদিয়া আক্তার। ছবি: সংগৃহীত

তিনি দাবি করেন, বিয়ের পর তিনি জানতে পারেন যে, বিয়ের আগে তার স্ত্রী একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, স্ত্রী তাকে অতীতের কিছু ব্যক্তিগত ঘটনার কথাও জানান। তিনি অভিযোগ করেন, স্ত্রী পূর্বে 'তাওহিদ' নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এক পর্যায়ে পরিবারের সদস্যদের চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ওই ব্যক্তির সঙ্গে সারারাত বাইরে অবস্থান করেছিলেন। এ বিষয়ে তার কাছে বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন। বিষয়টি নিয়ে স্ত্রীকে প্রশ্ন করলে তিনি তা স্বীকার করেছিলেন বলেও অভিযোগকারীর দাবি। তবে এসব ঘটনা জানার পরও অতীতের বিষয় বিবেচনায় না এনে তিনি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন এবং স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযত থাকতে উৎসাহিত করেন।

নূর আলম মিয়ার অভিযোগ, দাম্পত্য জীবনের কয়েক মাস পর তার স্ত্রী গর্ভবতী হন। পরে স্ত্রীর অনুরোধে তাকে বাবার বাড়িতে রেখে আসা হয়। সেখানে অবস্থানকালে তাকে কিছু না জানিয়েই গর্ভের সন্তান নষ্ট করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলেও জানান।

তিনি আরও অভিযোগ করেন, পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে তার মোবাইল ফোনে 'তাওহিদ' নামের ওই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য দেখতে পান। বিষয়টি শ্বশুরকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন। এরপর উভয় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সমঝোতার চেষ্টা হলেও তা সফল হয়নি বলে জানান তিনি।

অভিযোগকারী বলেন, ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি টাঙ্গাইল শহরে তার নামে জমি কিনে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ১২ লাখ টাকা নেওয়া হয়। ওই টাকার নিরাপত্তা হিসেবে তাকে অগ্রণী ব্যাংকের একটি স্বাক্ষরিত চেক দেওয়া হয়েছিল।

তার দাবি, এর কিছুদিন পর তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান এবং আর সংসারে ফিরে আসেননি। পরে ২০২৬ সালের ৩০ মার্চ তিনি তালাকের নোটিশ পাঠান। যদিও পরবর্তীতে ব্যক্তিগতভাবে সংসার করার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে পারিবারিক কারণে তা সম্ভব নয় বলে জানানো হয় বলে অভিযোগ করেন নূর আলম।

দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি ২০২৬ সালের ২৭ এপ্রিল টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড অফিসে একটি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া ১৮ জুন তিনি ফৌজদারি কার্যবিধির (CrPC) ১০০ ধারায় আদালতে আরেকটি আবেদন করেন। তার দাবি, ওই মামলায় ১৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে তার স্ত্রী স্বামীর সঙ্গে আর সংসার করবেন না বলে জানিয়েছেন।

এদিকে, ২০২৬ সালের ৫ জুলাই তিনি নিরাপত্তা হিসেবে পাওয়া চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। পরদিন ৬ জুলাই আইনজীবীর মাধ্যমে Negotiable Instruments Act, 1881 অনুযায়ী মামলা দায়েরের পূর্বশর্ত হিসেবে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে ৩০ দিনের মধ্যে ১২ লাখ টাকা পরিশোধের দাবি জানানো হয়েছে বলে তিনি জানান।

নূর আলম মিয়ার অভিযোগ, বর্তমানে তার স্ত্রী তাকে জানিয়ে দিয়েছেন যে, তিনি আর সংসার করবেন না এবং নেওয়া টাকা ফেরতও দেবেন না। এছাড়া টাকা ফেরত চাইলে তার বিরুদ্ধে যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের মামলা করার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, "আমার অভিযোগের পক্ষে ব্যাংকের চেক, চেক ডিজঅনার মেমো, আইনি নোটিশ, আদালতের নথিপত্র, মোবাইল ফোনের কথোপকথন, মেসেজ, কল রেকর্ডিংসহ বিভিন্ন নথি ও তথ্য-প্রমাণ রয়েছে। আমি আইন ও বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমার একমাত্র প্রত্যাশা, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আমাকে ন্যায়বিচার দেওয়া হোক।"

এ বিষয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত স্ত্রী সাদিয়া আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়। এছাড়া অভিযোগে উল্লেখ করা 'তাওহিদ' নামের ব্যক্তির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

নূর আলম মিয়ার উত্থাপিত ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত স্ত্রী সাদিয়া আক্তার। উল্টো অভিযোগ করে তিনি বলেন, নূর আলমই বিভিন্ন সময়ে তাঁর বাবার কাছ থেকে এবং সাদিয়ার নিজের জমানো টাকা আত্মসাৎ করেছেন। নূর আলমের আর্থিক স্বচ্ছলতা নিয়ে প্রশ্ন তুলে সাদিয়া বলেন, যাঁর নিজেরই থাকার মতো ভালো ব্যবস্থা নেই, তিনি কীভাবে ১২ লাখ টাকা ধার দেবেন? মূলত নূর আলম ব্যাংক থেকে লোন নিয়ে এবং সাদিয়ার পরিবারের থেকে টাকা নিয়ে সেই লোন শোধ করেছিলেন। জমি কেনার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার কোনো ঘটনাই ঘটেনি।

অগ্রণী ব্যাংকের স্বাক্ষরিত চেকের বিষয়ে সাদিয়া আক্তার জানান, কলেজে ভালো ফলাফলের জন্য সরকারিভাবে পাওয়া ২৫,০০০ টাকা রাখার জন্য নূর আলমই সাদিয়ার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। তবে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড, নাম ও নাম্বারসহ সমস্ত নিয়ন্ত্রণ নূর আলমের কাছেই ছিল। পরবর্তীতে ব্যাংক থেকে কিছু টাকা তোলার সময় নূর আলম কৌশলে চেকে সাদিয়ার স্বাক্ষর ও ফোন নাম্বার লিখিয়ে নিয়েছিলেন। নূর আলম এখন সেই টাকা তোলার সময়কার পুরনো স্বাক্ষর করা চেকটি ব্যবহার করে ডিজঅনারের নাটক সাজাচ্ছেন এবং জালিয়াতির মাধ্যমে মিথ্যা মামলা করার চেষ্টা করছেন।

সংসার ছেড়ে চলে যাওয়া এবং দাম্পত্য বিচ্ছেদের মূল কারণ হিসেবে নূর আলমের চরম শারীরিক ও মানসিক নির্যাতনকে দায়ী করেছেন সাদিয়া। তিনি অভিযোগ করেন, বিয়ের আগে নূর আলম নিজের ব্যাপারে যেসব তথ্য দিয়েছিলেন, তার সবই ছিল মিথ্যা। বিয়ের মাত্র দুই-তিন দিন পর থেকেই সামান্য বিষয় নিয়ে নূর আলম সাদিয়ার ওপর অমানুষিক নির্যাতন শুরু করেন। সাদিয়াকে মারধর করে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া, গলা টিপে ধরা এবং গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি জানান। এছাড়া নূর আলম সাদিয়ার চরিত্র নিয়ে প্রতিনিয়ত মিথ্যা অপবাদ দিতেন এবং পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন।

আদালতে দেওয়া জবানবন্দির সত্যতা নিশ্চিত করে সাদিয়া বলেন, নূর আলম সাদিয়ার বাবা-মার বিরুদ্ধে মারধর করে মেয়েকে ছিনিয়ে নেওয়ার যে মামলা করেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা। নূর আলম নিজেই সাদিয়াকে মারধর করে সাদিয়ার বাবার বাড়িতে ফেলে রেখে এসেছিলেন এবং সাদিয়া আদালতে নিজের ইচ্ছায় সজ্ঞানে জবানবন্দি দিয়েছেন। এছাড়া 'তাওহিদ' নামের এক যুবকের সাথে বিয়ের আগের সম্পর্কের যে দাবি নূর আলম করেছেন, তাও সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাওহিদ আমার সহপাঠী ছিলেন এবং তাঁর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। নূর আলম সাদিয়ার চরিত্র হনন করতেই এই গল্প সাজিয়েছেন।

সাদিয়া আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, নূর আলম নিজে অন্যায়, জালিয়াতি ও নির্যাতন করে এখন মিডিয়ার সামনে মিথ্যা তথ্য দিয়ে 'ভালো মানুষ' সাজার চেষ্টা করছেন। নূর আলমের এই অপপ্রচারের কারণে সাদিয়ার সামাজিক মর্যাদা ও সম্মান চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। লোকলজ্জার ভয়ে এতদিন চুপ থাকলেও এখন আইনি ও সামাজিকভাবে নূর আলমের এই জালিয়াতির মুখোশ উন্মোচন এবং নিজের ওপর হওয়া অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান সাদিয়া আক্তার।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495