হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরে গেল পুলিশ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:১৮ পিএম
নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় মিছিল বের করলে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা সরে যাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ‘সন্ত্রাস ও চাঁদাবাজির’ বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়। নামাজের পরপরই সদর উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের এক হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক একত্র হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলেও বিপুল সংখ্যক মানুষের চাপের মুখে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। একপর্যায়ে নেতাকর্মীদের সংখ্যা ও চাপ বাড়তে থাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।
মিছিলের নেতৃত্ব দেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। পরে সমাবেশে তিনি বলেন, তারা অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন এবং এই আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ফিরে না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, মিছিলের খবর আগেই পাওয়া গিয়েছিল এবং পুলিশ সেখানে উপস্থিত ছিল। তবে অংশগ্রহণকারীদের সংখ্যা অত্যধিক হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, ফলে পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে যেতে বাধ্য হন।