মাজার বানানোর চেষ্টা, উপড়ে পড়ে আবার ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কাটলো প্রশাসন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:১২ পিএম

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়ার পর আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া একটি গাছকে কেন্দ্র করে কুসংস্কার ও মাজার তৈরির চেষ্টা ঠেকাতে সেটি কেটে ফেলেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৫ জুন) দুপুরে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি অপসারণ করা হয়।

প্রশাসনের দাবি, ওই গাছকে ঘিরে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ছিল এবং সেখানে মাজারসদৃশ পরিবেশ তৈরির চেষ্টা চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ের গাছটি উপড়ে পড়ে। পরে এর ডালপালা কেটে ফেলা হলেও অবশিষ্ট প্রায় ১৫ ফুট কাণ্ড হঠাৎ করেই আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরপর গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করে। একপর্যায়ে কিছু লোক সেখানে লাল কাপড় বেঁধে, মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে মানত করতে শুরু করে। পাশাপাশি গাছের চারপাশে নিশানা টাঙিয়ে স্থানটিকে মাজারের মতো রূপ দেওয়ার চেষ্টাও দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সমাজকর্মীরা জানান, এটি কোনো অলৌকিক ঘটনা নয়; বরং গাছের কাঠামোগত পরিবর্তন, শিকড়ের টান ও মাটির বৈশিষ্ট্যের কারণে এমনটি ঘটতে পারে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।

পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটি কেটে ফেলা হয়।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মালিকের সম্মতিতে এটি অপসারণ করা হয়েছে। গাছ বিক্রির অর্থ স্থানীয় মসজিদ বা মাদরাসায় দেওয়া হবে বলে মালিক জানিয়েছেন।

প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় কুসংস্কার বিস্তার এবং ভণ্ড মাজার তৈরির আশঙ্কা রোধ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495