ইরান যুদ্ধের আঞ্চলিক ও বাংলাদেশের ওপর প্রভাব শীর্ষক সেমিনার

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সমন্বিত কৌশলের আহ্বান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:১৬ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরান যুদ্ধের সম্ভাব্য আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি ও ভূরাজনীতিতে এর বহুমাত্রিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে আজ একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে এবং নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের আয়োজনে এই সেমিনারে দেশের শীর্ষ ভূরাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নিরাপত্তা বিশেষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারের বক্তারা উল্লেখ করেন, ইরানকে কেন্দ্র করে যেকোনো বড় সংঘাত মধ্যপ্রাচ্যের সীমায় আবদ্ধ থাকবে না। বরং এটি বিশ্বব্যাপী জ্বালানি মূল্যের শূণ্যতা বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় মন্দার কারণ হতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ এম এম শাহিদুজ্জামান কোরেশী। তিনি বলেন, "ইরান সংকট বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ও জ্বালানি খাতে সরাসরি প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কাজ করায় তাদের নিরাপত্তা ও কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। একইসঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ব্যাহত হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে।"

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, এই সম্ভাব্য সংকট মোকাবিলায় বাংলাদেশকে 'কূটনৈতিক ভারসাম্য' বজায় রাখতে হবে এবং জ্বালানির বিকল্প উৎসসহ দেশীয় অর্থনীতি রক্ষায় আগাম কৌশল গ্রহণ করতে হবে।

মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশের করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন:

· জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা: অপরিশোধিত তেল ও গ্যাসের বিকল্প উৎস এবং জরুরি মজুদ তৈরি।
· প্রবাসী শ্রমিকদের সুরক্ষা: মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার।
· নতুন বাজার অনুসন্ধান: তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যের জন্য মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প বাজার সৃষ্টি।

সমাপনী বক্তৃতায় নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সংকটের সময় জাতীয় ঐক্য ও দূরদর্শী নীতি নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারটি সমন্বয় করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ও সাবেক কূটনীতিক সাকিব আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পক্ষে সচিব ও রাষ্ট্রদূত নাজরুল ইসলাম; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সচিব এহসান মাহমুদ জোবায়ের; জয়নুল আবেদীন; মারদিয়া মমতাজ; সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধন; অধ্যাপক ড. ওয়ারেসুল করিম; বিজবিডসের সিইও ফাহিম মাশরুর; এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বেসামরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495