যে ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ভিডিওটিতে একটি রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং একটি শিশুর উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হলে তিনি এ ঘটনায় অনুতাপ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের নয়; এটি নির্বাচনী প্রচারণার সময় ধারণ করা হয়েছিল।
ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায় যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ভিডিওটি আসলে সম্প্রতি ধারণ করা নয়। এটি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় একটি ঘনিষ্ঠ মহলের (ক্লোজড গ্রুপ) জন্য করা হয়েছিল। কোনোভাবে সেই গোপন গ্রুপ থেকে ভিডিওটি ফাঁস হয়ে গতকাল জনসমক্ষে আসে।
নিজের ভুল স্বীকার করে নবনির্বাচিত এই সংসদ সদস্য পোস্টে আরও বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রতিপক্ষের নেতাদের নিয়ে এ ধরনের মন্তব্য ব্যক্তিগত বা দলীয় শিষ্টাচারের পরিপন্থী। বিশেষ করে শিশুদের সামনে এ ধরনের নেতিবাচক রাজনৈতিক চর্চা যে ভুল ছিল, তা তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন।