পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থি অস্ত্রধারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:১৬ এএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত এক অভিযানে ২২ ভারতপন্থি অস্ত্রধারী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ওই এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ১৭ মে থেকে সেখানে ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু করে নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী অস্ত্রধারীদের অবস্থান ঘিরে ফেলে। পরে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে ২২ জন অস্ত্রধারী নিহত হয়।

পাকিস্তানি বাহিনীর দাবি, নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও উল্লেখ করা হয়। বর্তমানে পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

আইএসপিআর আরও দাবি করেছে, এসব অস্ত্রধারী স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে নিজেদের নিরাপদ চলাচলের জন্য ব্যবহার করত। এ ধরনের কর্মকাণ্ডকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলেও উল্লেখ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাবে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান অঞ্চলে সীমান্তঘেঁষা সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার এখন পর্যন্ত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ‘গাজাব লিল-হক’ নামে নতুন সামরিক অভিযান শুরু করে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495