ঢাকায় দায়িত্ব নিতে প্রস্তুত দীনেশ ত্রিবেদী, নিয়োগপত্র দিলেন দ্রৌপদী মুর্মু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪০ পিএম
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেছেন। শুক্রবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি এ নিয়োগপত্র গ্রহণ করেন। সব আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
কূটনৈতিক নিয়ম অনুযায়ী, বাংলাদেশে পৌঁছানোর পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন। এরপরই বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারত সরকারের মনোনীত এই হাইকমিশনার অল্প সময়ের মধ্যেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার সাবেক রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়।
৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় রাজনীতির পরিচিত মুখ। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেটে যাত্রীভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়।
এ ছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতের পার্লামেন্টের দুই কক্ষ—লোকসভা ও রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য ছিলেন দীনেশ ত্রিবেদী।
২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পরের মাসেই তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
ভারত সাধারণত প্রতিবেশী দেশগুলোতে পেশাদার কূটনীতিকদের রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়ে থাকে। তবে তিন দশকেরও বেশি সময় পর এবার প্রথমবারের মতো কোনো প্রতিবেশী দেশে রাজনৈতিকভাবে পরিচিত একজন নেতাকে কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিল নয়াদিল্লি।