সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, পানি শূন্যতায় ৪৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
নাইজারের সাহারা মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে একটি ট্রাক বিকল হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তীব্র তাপদাহ ও পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নাইজার-এর আগাদেজ গভর্নর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে।
ফরাসি বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)-এর বরাতে জানা যায়, নিহতরা মালিতে একটি ধর্মীয় উৎসব শেষে নিজ দেশে ফিরছিলেন। যাত্রাপথে আলজেরিয়া সীমান্তের কাছাকাছি এবং নাইজার-মালি সংযোগস্থল হিসেবে পরিচিত আসামাকা সীমান্ত পারাপার কেন্দ্র থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে ট্রাকটি বিকল হয়ে পড়ে।
দুর্ঘটনার পর যাত্রীরা চালক ও সহকারীদের সঙ্গে মিলে গাড়িটি মেরামতের চেষ্টা করেন। তবে প্রচণ্ড মরুভূমির গরম, চরম তাপমাত্রা এবং পানির কোনো উৎস না থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ধীরে ধীরে পানিশূন্যতা ও তৃষ্ণায় একে একে মৃত্যু ঘটে অন্তত ৪৯ জনের।
কর্তৃপক্ষ জানায়, পরে মরুভূমির মধ্যেই মৃতদেহগুলো গণকবরে দাফন করা হয়।
এই ঘটনায় দুইজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। তারা শেষ শক্তি নিয়ে প্রায় ৫০ কিলোমিটার হেঁটে একটি পানির উৎসে পৌঁছান এবং পরে আসামাকা সীমান্ত চৌকিতে গিয়ে পুরো ঘটনা প্রশাসনকে জানান।
বিশেষজ্ঞদের মতে, সাহারা মরুভূমির এই অঞ্চলটি অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপমুখী যাত্রার অন্যতম ঝুঁকিপূর্ণ রুট। এখানে প্রায়ই তীব্র গরম, পানির অভাব ও দুর্গম পরিবেশে প্রাণহানির ঘটনা ঘটে।
সূত্র: আরব নিউজ