আমি মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:০৬ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তিনি ক্ষমতায় আসার পর রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর তুলনায় বাংলাদেশের জামায়াতপন্থিরাই বেশি অস্থির হয়ে উঠেছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় কলকাতার ভবানীপুর এলাকায় আয়োজিত এক ধন্যবাদ সভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।

বক্তব্যে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো সরকারের অন্যতম অগ্রাধিকার।

শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল, কংগ্রেস কিংবা সিপিআইএম যতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার চেয়েও বেশি অস্বস্তিতে রয়েছে বাংলাদেশের জামায়াতপন্থিরা। তবে আমি ভয় পাই না, মাথাও নত করি না।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি আরও দাবি করেন, ভোটার তালিকায় থাকা অ-ভারতীয়দের শনাক্ত করা হয়েছে এবং অনেকের নাম ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এখন তাদের ফেরত পাঠানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কলকাতার পার্ক সার্কাস এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায়ও কঠোর অবস্থানের কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হলে সরকার কঠিন ব্যবস্থা নেবে। পাশাপাশি আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার বৈঠকে ধর্মীয় ভিত্তিতে দেওয়া বিভিন্ন ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, সরকারের দায়িত্ব কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে ভাতা দেওয়া নয়; বরং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি জানান, ভাতার জন্য বরাদ্দ অর্থ এখন ‘বিবেকানন্দ মেধাবৃত্তি’ প্রকল্পে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম—দুই আসনেই জয় পান শুভেন্দু অধিকারী। ভবানীপুর আসনে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495