ইইউ'র বুকে কাঁপন ধরিয়ে পারমাণবিক অস্ত্রের মহড়া চালাল বেলারুশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০৫ পিএম
ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যেই এবার মাঠপর্যায়ে পারমাণবিক অস্ত্রের মহড়া সম্পন্ন করেছে বেলারুশ।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, এই মহড়ায় রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলাবারুদ সরবরাহ এবং সেগুলো ব্যবহারের প্রস্তুতি নিয়ে অনুশীলন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। এতে গোপনীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং সেনা ও সরঞ্জাম ব্যবহারের হিসাব-নিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২৩ সালে বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে সম্মতি দেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জানিয়েছেন, এসব অস্ত্র ব্যবহারের চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে মস্কোর হাতেই।
ইউক্রেন যুদ্ধ চলাকালে ভ্লাদিমির পুতিন একাধিকবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর সমর্থন ঠেকাতেই তিনি এমন অবস্থান গ্রহণ করেছেন।
এর আগে তিনি ঘোষণা দেন, রাশিয়া চলতি বছরের শেষ নাগাদ তাদের নতুন সারমাত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে এবং পারমাণবিক বাহিনীর আধুনিকায়ন অব্যাহত থাকবে।
বেলারুশ জানিয়েছে, এই সামরিক মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে না।