পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও ভারতবিরোধী কার্যক্রম অব্যাহত রাখে, তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধানের কাছে প্রশ্ন করা হয়, গত বছর সংঘটিত ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতবিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট পক্ষ ভবিষ্যতে ভৌগোলিক সত্তা হিসেবে টিকে থাকবে নাকি ইতিহাসে স্থান পাবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কিছুদিন আগেই ভারত ও দেশটির সামরিক বাহিনী ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে।

গত বছরের ৭ মে পেহেলগাম হামলার পর ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যা ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত। পরে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানায়, তবে ভারতের শক্ত প্রতিরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা এই সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে প্রশমিত হয়।

সূত্র: এনডিটিভি

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495