গোপন সফরের তথ্য ফাঁস, ইসরায়েলের ওপর ক্ষুব্ধ সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:২৭ পিএম

ছবি: সংগৃহীত

যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সংযুক্ত আরব আমিরাত সফরের তথ্য প্রকাশ্যে আসায় তীব্র অসন্তোষ জানিয়েছে আমিরাত। এ ঘটনায় ইসরায়েলের কাছে কঠোর ভাষায় প্রতিবাদও জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৫ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় থেকেই সফরসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আমিরাত সরকার।

আই২৪ নিউজকে দেওয়া একটি সূত্র জানায়, গোপন কূটনৈতিক তথ্য প্রকাশের ঘটনা নতুন নয় এবং নেতানিয়াহুর দপ্তরের এমন প্রবণতায় বিরক্ত আমিরাতের কর্মকর্তারা।

সূত্রটির দাবি, গোপন তথ্য প্রকাশ হওয়ার আশঙ্কা থেকেই আমিরাত কখনো আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানায়নি। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে নীরব যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। এরপরও এখন পর্যন্ত নেতানিয়াহুকে প্রকাশ্যে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ নেতানিয়াহু আমিরাতের আল-আইন শহর সফর করেন। ওই সময় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, সফরকালে আমিরাত ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারাও আমিরাত সফর করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495