মধ্যরাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় পেলেন ৪০ জনের কুপ্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:১১ পিএম
ভারতের হায়দরাবাদের মালকাজগিরির নবনিযুক্ত পুলিশ কমিশনার বি. সুমতি নারীদের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে নেন ব্যতিক্রমী উদ্যোগ। সাধারণ নারীর ছদ্মবেশে গভীর রাতে শহরের রাস্তায় অবস্থান করে তিনি বুঝতে চান নারীরা প্রতিদিন কী ধরনের হয়রানির মুখোমুখি হন।
গত ১ মে দায়িত্ব নেওয়ার পর কোনো পুলিশি নিরাপত্তা ছাড়াই সাধারণ পোশাকে রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত দিলসুখনগর এলাকার একটি বাসস্ট্যান্ডে একা অবস্থান করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র তিন ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ থেকে ৪৫ জন পুরুষ তার কাছে এসে আপত্তিকর মন্তব্য ও কুপ্রস্তাব দেয়। তাদের অনেকেই মাদকাসক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল কলেজপড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। তারা বুঝতেই পারেনি যে যার সঙ্গে অশালীন আচরণ করছে, তিনি একজন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা। পরে কমিশনারের সংকেত পেয়ে আশপাশে অবস্থান নেওয়া সাদা পোশাকের পুলিশ সদস্যরা দ্রুত তাদের আটক করে।
বি. সুমতি জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং বাস্তব পরিস্থিতি অনুধাবন করা। আটক ব্যক্তিদের গ্রেপ্তার না করে থানায় নিয়ে কাউন্সেলিং করা হয়। পাশাপাশি তাদের অভিভাবকদের ডেকে নারীদের প্রতি সম্মান দেখানো ও হয়রানির আইনি পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়।
এর আগেও একই ধরনের উদ্যোগ নিয়েছিলেন এই কর্মকর্তা। প্রায় ২৫ বছর আগে ক্যারিয়ারের শুরুতে কাজীপেট রেলওয়ে স্টেশনের ডিএসপি থাকাকালেও তিনি ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছিলেন। তেলেঙ্গানা ক্যাডারের এই কর্মকর্তা এর আগে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সূত্র: এনডিটিভি