পশ্চিমবঙ্গে কি জারি হতে যাচ্ছে একদিনের রাষ্ট্রপতি শাসন?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরও দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নিতে নারাজ বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ কারণে তিনি রাজভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার রাত ১২টার পর বর্তমান সরকারের সাংবিধানিক মেয়াদ শেষ হচ্ছে। এরপর রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অন্যদিকে আগামী ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার শপথ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। ফলে সরকারের মেয়াদ শেষ হওয়া থেকে নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত মধ্যবর্তী সময়ে রাজ্যে কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন এবং একই সঙ্গে নতুন সরকারও শপথ না নেয়, তাহলে অল্প সময়ের জন্য হলেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাদের মতে, এমন ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে বিরল উদাহরণ হয়ে উঠতে পারে।

ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার পর বিদায়ী মুখ্যমন্ত্রী সাধারণত রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন। তবে এই সময়ে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না।

এ বিষয়ে প্রবীণ আইনজীবী হরিশ সালভে বলেছেন, রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ জানাতে পারেন। তবে পদত্যাগ না হলে সাময়িক সাংবিধানিক শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে মত দেন তিনি।

এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্যপালের কাছে হস্তান্তর করেছে। এর ভিত্তিতে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495