ইসরায়েলি বিমান হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (৬ মে) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলের ঘোবেইরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে আলোচনা করেই সেনাবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতানিয়াহুর দাবি, রাদওয়ান ফোর্সের সদস্যরা ইসরায়েলের উত্তরাঞ্চলের বসতিগুলোতে হামলা ও সেনাদের ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত। তিনি বলেন, কোনো সন্ত্রাসীর জন্য দায়মুক্তি নেই এবং ইসরায়েল তার শত্রুদের খুঁজে বের করবে।

তবে এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালালো ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল এবং অনেক বাসিন্দা নিজ এলাকায় ফিরে এসেছিলেন। হামলার সময় সড়কেও মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় পৃথক হামলায় চারজন নিহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়ে সেখানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ।

গত ২ মার্চ শুরু হওয়া সংঘাতে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এর মধ্যে যুদ্ধবিরতির পরও বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সময়ে সংঘাতে ইসরায়েলের ১৭ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495