লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৩১ এএম

ছবি: সংগৃহীত

নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে। চিঠিতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণের অনুরোধ জানানো হয়। কনস্যুলেট জানিয়েছে, তাদের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মাননা গ্রহণ করবেন।

এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা ৬ মে দুপুর ২টায় টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে রাসায়নিক প্রকৌশলে পড়াশোনা করছিলেন।

গত ১৬ এপ্রিল তারা দুজন নিখোঁজ হন। পরে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেলে পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামিলের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতু এলাকার কাছ থেকে আবর্জনার ব্যাগে থাকা জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় শেরিফ কার্যালয় জানায়।

এই ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে, যা সর্বোচ্চ মাত্রার অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495