আমিরাতের উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:১৬ পিএম
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় বিশাল এক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। সম্প্রতি প্রকাশিত একটি নতুন মানচিত্রে আমিরাতের উপকূলসংলগ্ন বিস্তীর্ণ সমুদ্রাঞ্চল নিজেদের অধীনে দেখিয়েছে দেশটি।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, মানচিত্রে লাল রেখা দিয়ে চিহ্নিত এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ছাড়িয়ে আমিরাতের দীর্ঘ উপকূলজুড়ে বিস্তৃত। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত এই প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইরানের দাবিকৃত অঞ্চলের মধ্যে আমিরাতের ফুজাইরা বন্দর ও খোরফাক্কান বন্দরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওমান উপসাগর সংলগ্ন এই বন্দরগুলো দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালির বিকল্প রুট হিসেবে ব্যবহার করে আসছে আমিরাত।
বিশেষজ্ঞরা বলছেন, ফুজাইরা বন্দরটি কৌশলগত দিক থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের শেষপ্রান্তে অবস্থিত। এই পাইপলাইনের মাধ্যমে দেশের ভেতর থেকে সরাসরি তেল বন্দরে পৌঁছানো সম্ভব হয়, ফলে যেকোনো সংকটকালেও রপ্তানি কার্যক্রম চালু রাখা যায়।
বিশ্লেষকদের আশঙ্কা, ইরান যদি এসব বন্দরের প্রবেশপথে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে তা আমিরাতের ওপর এক ধরনের নৌ অবরোধ সৃষ্টি করতে পারে। এতে আঞ্চলিক স্থিতিশীলতা নতুন করে হুমকির মুখে পড়তে পারে।