হরমুজ প্রণালির নাম বদলে 'ট্রাম্প প্রণালি' রাখলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
ইরানের সঙ্গে উত্তেজনা চরমে থাকা অবস্থায় হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্রের ছবি প্রকাশ করেন তিনি। সেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ লেখা দেখা যায়। এর আগেও একই ধরনের একটি ছবি শেয়ার করেছিলেন ট্রাম্প।
বর্তমানে ইরান প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায়ের আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে কোনো শর্ত ছাড়াই এই গুরুত্বপূর্ণ নৌপথ চালু রাখতে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই পদক্ষেপ নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যাখ্যা ছাড়াই ছবিটি প্রকাশ করেন ট্রাম্প। জানা গেছে, ছবিটি প্রথমে তার এক সমর্থকের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগেও এক বক্তৃতায় তিনি ‘ট্রাম্প প্রণালি’ শব্দটি ব্যবহার করেছিলেন। সে সময় উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়লে ট্রাম্প বলেন, গণমাধ্যম এটিকে ভুল হিসেবে দেখতে পারে, তবে তিনি খুব কমই ভুল করেন।
ঘটনাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।