দেশীয় প্রযুক্তির ‘ফাতেহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ফাতেহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এ খবর প্রকাশ করেছে জিও নিউজ।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, উন্নত অ্যাভিওনিকস ও আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেনাদের প্রশিক্ষণ জোরদার, বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই এবং নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা বাড়াতে অন্তর্ভুক্ত উপ-ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট কৌশলগত প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশীয়ভাবে তৈরি ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ সাফল্যে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানসহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা জানিয়েছেন।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ৭৫০ কিলোমিটার পাল্লার ‘ফাতেহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। এছাড়া গত বছরের মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ১২০ কিলোমিটার পাল্লার ফাতেহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করা হয়েছিল।

এদিকে, গত এক মাসে পাকিস্তান নৌবাহিনীও ‘তৈমুর’ এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ একাধিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495