নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ইসরায়েলি বিরোধীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটাতে এক প্ল্যাটফর্মে জড়ো হচ্ছেন দেশটির বিরোধী নেতারা। রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হওয়ায় দেশটির রাজনীতিতে উত্তেজনা বাড়ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, মতাদর্শগত পার্থক্য ভুলে তারা নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে পরাজিত করতে একসঙ্গে কাজ করবেন।
ডানপন্থী বেনেট ও মধ্যপন্থী লাপিদ তাদের রাজনৈতিক দল একীভূত করে ‘টুগেদার’ নামে নতুন একটি জোট গঠনের ঘোষণা দিয়েছেন। আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোট গঠিত হচ্ছে।
যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ভবিষ্যৎ প্রজন্ম এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় তারা একত্রিত হয়েছেন। তার মতে, ইসরায়েলকে বর্তমান সংকটময় পথ থেকে সরে এসে স্থিতিশীল ও দায়িত্বশীল সরকারের দিকে এগোতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহু দেশের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী মন্ত্রিসভা গঠন করেন। তার শাসনামলে গাজা উপত্যকায় ভয়াবহ সংঘাতে এ পর্যন্ত সাড়ে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এবং ইরান ইস্যুতে উত্তেজনার কারণে দেশটির অভ্যন্তরেও চাপ বাড়ছে।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর ‘নিরাপত্তা নিশ্চিতকারী’ ভাবমূর্তি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতায় সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, আগামী অক্টোবরের শেষে অনুষ্ঠিতব্য নির্বাচনে নতুন ‘টুগেদার’ জোট নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিরোধীদের এই ঐক্য ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এদিকে বিচার বিভাগীয় সংস্কার ও দুর্নীতির অভিযোগ ঘিরেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলের রাজপথে নিয়মিত বিক্ষোভ চলছে। এমন প্রেক্ষাপটে বেনেট-লাপিদের এই জোটকে শক্তিশালী রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহু এই নতুন জোটের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন কি না, নাকি ‘টুগেদার’ জোটের মাধ্যমে ইসরায়েলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে সেই দিকেই এখন দৃষ্টি বিশ্ববাসীর।
সূত্র: আল জাজিরা