যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার হিশামকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়েহকে ঘিরে একের পর এক ভয়াবহ তথ্য প্রকাশ্যে আসছে।

২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিকের অতীত জীবন বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নিহত জামিল লিমনের সাবেক রুমমেট হিশামের বিরুদ্ধে পূর্বেও একাধিক সহিংস আচরণ ও পারিবারিক নির্যাতনের অভিযোগ ছিল।

সর্বশেষ তদন্তে তার বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার সঙ্গে নাহিদা বৃষ্টির মিল পাওয়া গেছে। এতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পরিবার, যা পুরো ঘটনাকে আরও শিউরে ওঠার মতো করে তুলেছে।

তদন্ত সূত্র জানায়, হিশামকে গ্রেপ্তারের ঘটনাও ছিল নাটকীয়। পারিবারিক সহিংসতার অভিযোগে পুলিশ তার বাসায় গেলে তিনি অস্ত্রসহ নিজেকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘ সময়ের উত্তেজনার পর অবশেষে তিনি আত্মসমর্পণ করেন।

আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর নথি পর্যালোচনায় জানা গেছে, একসময় তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে কয়েক বছর আগে তার শিক্ষাজীবনের ইতি ঘটে। এর আগে তার বিরুদ্ধে শারীরিক হামলা ও চুরির অভিযোগও ওঠে। এমনকি পরিবারের সদস্যরাও তার সহিংস আচরণে অতিষ্ঠ হয়ে আদালতের দ্বারস্থ হন।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মৃত্যুর তথ্য গোপন, মরদেহ সরানো, আলামত নষ্ট এবং পরিকল্পিত সহিংসতার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। জামিল লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার এবং নাহিদা বৃষ্টির মৃত্যুর প্রমাণ পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ আরও জোরদার করা হয়েছে।

নাহিদা বৃষ্টির পরিবারের দাবি, হিশামের বাসা থেকেই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হয়েছে। মরদেহ পুরোপুরি উদ্ধার হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও ধারণা করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বর্তমানে হেফাজতে থাকা হিশামের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তার পূর্বের অপরাধের তথ্য একত্র করে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495