লেবানন-ইরান পরিস্থিতি নিয়ে ইসরায়েলে জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম
লেবানন ও ইরানকে ঘিরে চলমান পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছে ইসরায়েল। দেশটির সীমিত পরিসরের নিরাপত্তা মন্ত্রিসভার এই বৈঠক স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
এর আগে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রী ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে ফোনে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৈঠকে লেবানন সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরান সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অন্যদিকে, একই দিনে ওয়াশিংটন ডিসি-তে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টায় এই বৈঠক শুরু হতে পারে।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের দিকে অগ্রসর হওয়ার সময় হিজবুল্লাহর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দ্য টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আইনাতা শহরে ঘটনাটি ঘটে, যা বিন্ট জেবেইল এলাকার কাছাকাছি অবস্থিত।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভাষ্য অনুযায়ী, কমান্ডো ব্রিগেডের সদস্যরা সেখানে মোতায়েন ছিল। এ সময় তারা দুইজন সশস্ত্র ব্যক্তিকে সেনাদের দিকে এগিয়ে আসতে দেখে। বিষয়টি তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করে সেনারা গুলি চালায় এবং এতে ওই দুইজন নিহত হয়।