হরমুজ প্রণালিতে পণ্যবাহী দুই জাহাজে গুলি করল আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে গুলি চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার।
বুধবার (২২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ওমানের উত্তর-পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি জাহাজকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
তথ্য অনুযায়ী, আইআরজিসির একটি গানবোট কোনো পূর্ব সতর্কতা বা যোগাযোগ ছাড়াই জাহাজটির কাছে এগিয়ে আসে। এরপর ওই গানবোট থেকে জাহাজটিতে গুলি চালানো হয়। এতে জাহাজটির ব্রিজ অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখা হবে।
ট্রাম্প আরও বলেন, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য প্রস্তাব দেওয়ার সুযোগ দিতে সাময়িকভাবে পরিকল্পিত হামলা স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল।
তবে ট্রাম্পের এ ঘোষণাকে কৌশলগত চাপ বলে উল্লেখ করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা কোনো গুরুত্ব বহন করে না। তার মতে, যে পক্ষ পরাজয়ের পথে, তারা শর্ত চাপিয়ে দিতে পারে না। তিনি আরও বলেন, অবরোধ ও সামরিক হামলার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এর জবাব সামরিকভাবেই দেওয়া হবে।