‘নির্লজ্জ, বেহায়া একটা রাজনৈতিক দল’- বিজেপিকে মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাসায় তল্লাশি অভিযানকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বিজেপিকে ‘নির্লজ্জ ও বেহায়া’ রাজনৈতিক দল আখ্যা দিয়ে অভিযোগ করেন, তারা সরাসরি রাজনৈতিক লড়াইয়ে না গিয়ে ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে আয়কর দপ্তরের একটি দল রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাসভবনে তল্লাশি চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাসমেলা মাঠে আয়োজিত নির্বাচনি সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সভায় তিনি অভিযোগ করেন, বিরোধীদের দমিয়ে রাখতে আয়কর দপ্তর, দুর্নীতি দমন সংস্থা ও কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, নোটবন্দির সময় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ কেড়ে নেওয়া হয়েছিল, অথচ কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, এখন উল্টো কালো টাকার অজুহাতে পশ্চিমবঙ্গজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার অভিযোগ, দলীয় কার্যালয়, প্রার্থীর বাসা এমনকি তার নিজের নিরাপত্তা ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি দৃঢ়ভাবে বলেন, কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে যত চাপই আসুক না কেন, তিনি ও তার দল কোনোভাবেই মাথা নত করবে না। রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি জানান, যেকোনো পরিস্থিতিতেই তাদের সরকার পুনরায় ক্ষমতায় ফিরবে।
অন্যদিকে, একই সময়ে মনোহর পুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনি কার্যালয়েও তল্লাশির অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, দেবাশিস কুমারকে তার নিজ বাসায় জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তার শ্বশুরবাড়ি এবং দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতার বাসাতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।