ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা রাশিয়ার, পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম
ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। শনিবার (৪ এপ্রিল) সংঘটিত এই হামলায় এক রুশ কর্মীর মৃত্যুতেও শোক প্রকাশ করেছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, বুশেহর কেন্দ্র ঘিরে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি-এর উদ্বেগের কথাও তুলে ধরা হয়। তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো কখনোই সামরিক হামলার লক্ষ্য হওয়া উচিত নয়।
মারিয়া জাখারোভা অভিযোগ করেন, হামলাকারীরা বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে। তিনি বলেন, এসব হামলা আন্তর্জাতিক অঙ্গনে সংশ্লিষ্ট দেশগুলোর ভাবমূর্তিকে ‘অমোচনীয় কলঙ্কে’ পরিণত করবে।
রাশিয়া আরও সতর্ক করে বলেছে, এই ধরনের পদক্ষেপ পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য বড় হুমকি তৈরি করছে এবং আন্তর্জাতিক নিয়ম-নীতির প্রতি অবজ্ঞার প্রমাণ দিচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য এনপিটি পর্যালোচনা সম্মেলনে এই হামলার প্রভাব নিয়ে নিরপেক্ষ ও বিস্তারিত মূল্যায়ন করা হবে। একইসঙ্গে তারা জোর দিয়ে বলেছে, আরও বড় বিপর্যয় এড়াতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
উল্লেখ্য, শনিবারের হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়াও মাহশাহর ও বন্দর ইমাম বিশেষ পেট্রোকেমিক্যাল জোনসহ আরও কয়েকটি স্থাপনায় আঘাত হানে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনায় হামলা আঞ্চলিক সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।