সংঘাত বাড়ালে ‘নরকের দরজা খুলে যাবে’, যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ এএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন, সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নরকের শাস্তি’ ভোগ করতে হবে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’। এর জবাবেই পাল্টা এই কঠোর বার্তা দিয়েছে তেহরান।
ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে এর জবাব ভয়াবহ হবে। তার ভাষায়, “এই আগ্রাসন চলতে থাকলে তোমাদের জন্য নরকের দরজা খুলে যাবে।”
একইসঙ্গে ওই হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, সংঘাত বাড়ানো হলে পুরো অঞ্চলই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ‘নরকে পরিণত’ হবে। তিনি দাবি করেন, ইরানকে পরাজিত করার যে ধারণা করা হচ্ছে, তা শেষ পর্যন্ত হামলাকারীদের জন্যই বিপর্যয় ডেকে আনবে।
খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান অপারেশনাল কমান্ড হিসেবে কাজ করে এবং সামরিক কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।