‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম

প্রতীকী ছবি

আফগানিস্তানে তালেবান সরকার নারীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরও বাড়াচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, নতুন একটি ফৌজদারি আইন অনুযায়ী স্বামীদের স্ত্রী ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে শাস্তির সীমা এমনভাবে নির্ধারিত হয়েছে যে, হাড় ভাঙা বা গুরুতর আহত হলে তা দণ্ডনীয় হবে।

৯০ পৃষ্ঠার এই আইন, যার নাম ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’, ইতোমধ্যেই দেশের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে। আইনে স্বাক্ষর করেছেন তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

আইন অনুযায়ী সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—উলামা (ধর্মীয় বিদ্বান), আশরাফ (অভিজাত), মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। একই অপরাধের জন্য শাস্তি নির্ধারণে অভিযুক্তের সামাজিক অবস্থানকেও গুরুত্ব দেওয়া হতে পারে।

আইনে বলা হয়েছে, স্বামী যদি ‘অতিরিক্ত শক্তি’ ব্যবহার করে স্ত্রীর হাড় ভাঙেন বা দৃশ্যমান আঘাত করেন, তাহলে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে নারীকে আদালতে প্রমাণ দিতে হবে এবং জখম প্রদর্শনের সময় হিজাব পরিধান বাধ্যতামূলক। তার সঙ্গে স্বামী বা প্রাপ্তবয়স্ক পুরুষ অভিভাবকও থাকতে হবে।

অতিরিক্ত নিয়ন্ত্রণের মধ্যে অন্তর্ভুক্ত, নারী স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন, নতুন এই আইন কার্যকর হলে আফগান নারীদের অবস্থান আরও দুর্বল হবে এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইনি সুরক্ষা কমে যাবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495