হাদির মৃত্যুর প্রতিবাদে পাঁচ দেশে ভারতীয় দূতাবাসে শিখদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের নায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিশ্বের পাঁচটি দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিখ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জার্মানিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে, এখনও এ বিষয়ে স্বতন্ত্রভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
বিক্ষোভ ঘোষণায় শিখ নেতারা হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রশ্নে হাদির মৃত্যু আন্তর্জাতিক বিবেককে নাড়া দিয়েছে। এছাড়া, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান নেওয়া জরুরি।
কর্মসূচিতে ব্যানার্ড, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে হত্যার নিন্দা জানানো হবে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। একই সঙ্গে হাদির পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হবে।
দেশ-বিদেশে হাদির মৃত্যুর প্রতিবাদ ও নিন্দা চালু রয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে।