হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, দেশে মোট প্রাণহানি ছাড়াল ৪৫১
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:১৫ পিএম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে, আর বাকি আটজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুইজন ঢাকা বিভাগে এবং একজন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে, তিনজন চট্টগ্রাম বিভাগে এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে মৃত্যুবরণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জন শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ১৯২ জন শিশু হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়, যাদের মধ্যে ১ হাজার ১৬ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে, সংখ্যা ৪২২ জন। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে, মাত্র ৭ জন।
অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৭৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৭৪ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৫ হাজার ৬১১ শিশুর মধ্যে। এর মধ্যে ৭ হাজার ৪২১ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৪০ হাজার ১৭৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।