বাড়ছে হামের ভয়াবহতা, মৃত্যু ছাড়াল ৪০০
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:২৮ এএম
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে রোববার (১০ মে) পর্যন্ত ৫৫ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৪৪ জনের। একই সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সরকার দেশজুড়ে টিকাদান কর্মসূচি চালু করেছে। তবে এখনো বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে রয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্যমতে, শহরাঞ্চলে ৩০ থেকে ৪০ শতাংশ এবং গ্রামাঞ্চলে প্রায় ১৫ শতাংশ শিশু এখনো হাম প্রতিরোধী টিকা পায়নি। দ্রুত যাচাই পদ্ধতি বা আরসিএমের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ১ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে ভর্তি করা হয়েছে ১ হাজার ২৭৮ জনকে। একই সময়ে নতুন করে আরও ২০৫ জন হাম আক্রান্ত হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে এখন পর্যন্ত মারা গেছে ১৩৮ জন। এছাড়া রাজশাহীতে ৭৮, বরিশালে ২৯, চট্টগ্রামে ২৭, ময়মনসিংহে ২৬, সিলেটে ২৪, খুলনায় ১৪ এবং রংপুর বিভাগে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর আরও জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে নতুন মৃত্যুর হিসাব সংগ্রহ করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে। তাদের মধ্যে ৬ হাজার ৮১৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত টিকাদান কার্যক্রম আরও জোরদার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।