হাম-রুবেলা টিকাদানে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

শিশুদের টিকাদান নিশ্চিত করতে এবং জাতীয় কর্মসূচিকে সফল করতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

শনিবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে। আগামী রবিবার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট এলাকার জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে যারা ইতোমধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না।

তিনি আরও জানান, রবিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। পরবর্তীতে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেখানে পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়লে এই কর্মসূচি সফল হবে এবং শিশুদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495