সেন্টমার্টিনে আটকে পড়া দেড় হাজার পর্যটকের মধ্যে ট্রলারে ফিরলেন ৪০০ জন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটকের মধ্যে ৪০০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফে ফিরেছেন।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ১০টি সার্ভিস ট্রলারে করে তাঁরা সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট থেকে টেকনাফের উদ্দেশে রওনা হন। তবে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এখনো দ্বীপে অবস্থান করছেন বিপুলসংখ্যক পর্যটক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেত জারি থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এতে ভ্রমণে গিয়ে দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।
সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েছিলেন। শনিবার সকালে ১০টি সার্ভিস ট্রলারে করে ৪০০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফের উদ্দেশে দ্বীপ ছেড়েছেন।
শনিবার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় জরুরি প্রয়োজনে টেকনাফে ফিরতে ইচ্ছুক পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ট্রলারগুলো যাত্রা শুরু করে। তবে সমুদ্র পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না থাকায় নিয়মিত পর্যটকবাহী জাহাজ চলাচল এখনো শুরু হয়নি।
এদিকে দ্বীপে আটকে থাকা অন্য পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে উদ্বেগ ও অপেক্ষা অব্যাহত রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল পুরোপুরি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন সেন্টমার্টিনে অবস্থানরত বাকি পর্যটকেরা।