শুরু হচ্ছে নির্বাচনী প্রচার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতীক বরাদ্দের এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুরু হবে প্রার্থীদের মূল নির্বাচনী প্রচার-প্রচারণা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে এ আসনে বর্তমানে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর।

বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। তবে দলীয় সিদ্ধান্তে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মির্জা ফয়সল আমিন এখন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা গেছে, বিএনপির পক্ষ থেকে তাকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে চিঠিও দেওয়া হয়েছে।

ভোটগ্রহণের তারিখ আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495