২০ বছরের অপেক্ষা শেষে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৩০ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটে নেয় মিকেল আরতেতার দল।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনালের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বুকায়ো সাকা। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় লেগে জয়ের মাধ্যমেই ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই শক্ত রক্ষণভাগ গড়ে তুলে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে আক্রমণে আধিপত্য দেখিয়েও প্রথমদিকে গোলের দেখা পেতে হিমশিম খেতে হয় আর্সেনালকে। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোল পায় তারা। ৪৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের শট গোলরক্ষক ইয়ান ওব্লাক ঠেকালেও বল পুরোপুরি ক্লিয়ার করতে না পারায় রিবাউন্ড থেকে সহজেই জালে বল জড়ান সাকা।

পুরো মৌসুমজুড়েই ঘরোয়া লিগ ও ইউরোপের মঞ্চে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় ছিল আর্সেনাল। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের পাশাপাশি ইউরোপ সেরার স্বপ্নও দেখছিল দলটি। সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।

এর আগে ২০০৬ সালের ১৭ মে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল আর্সেনাল, যেখানে তারা বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে যায়। দীর্ঘ দুই দশক পর আবারও ফাইনালের মঞ্চে ফিরল উত্তর লন্ডনের ক্লাবটি।

আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ অথবা ফরাসি ক্লাব পিএসজি। এখন দেখার বিষয়, দীর্ঘ অপেক্ষার পর শিরোপা ঘরে তুলতে পারে কি না আর্সেনাল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495