সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিচ্ছে বিসিবি
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য চালু করা হয়েছে বিশেষ সুবিধাসম্পন্ন ‘অধিনায়ক কার্ড’।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কার্ড আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই বিশেষ সংস্করণের কার্ড প্রদান করা হচ্ছে। যদিও কার্ডটির সব সুবিধা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি সাবেক অধিনায়কদের জন্য আজীবন স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেবে।
এই কার্ডের মাধ্যমে তারা দেশের যেকোনো আন্তর্জাতিক ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন। জানা গেছে, জাতীয় দলের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমন সব সাবেক ও বর্তমান ক্রিকেটার এই সুবিধার আওতায় আসবেন।
এছাড়া, যেসব সাবেক অধিনায়কের বয়স ৫০ বছর বা তার বেশি, তাদের জন্য আলাদা স্বাস্থ্যসুবিধা যুক্ত বিশেষ কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে।