তামিমের হাতে বিসিবির দায়িত্ব, বোর্ড ভেঙে ১১ সদস্যের নতুন কমিটি গঠন

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। সাময়িকভাবে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

তিনি জানান, বিসিবির সাম্প্রতিক নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-কে অবহিত করা হয়েছে।

আমিনুল এহসান বলেন, বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দুর্বলতা ও অনিয়ম ছিল, যার পরিপ্রেক্ষিতে এনএসসি আইসিসিকে ই-মেইলের মাধ্যমে বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানায়।

নতুন গঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠন করবে। ততদিন পর্যন্ত তারা নির্বাচিত বোর্ডের সমপর্যায়ের ক্ষমতা নিয়ে ক্রিকেট পরিচালনা করবে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495