চাঁদা নিয়ে মন্তব্য, বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

চাঁদা নিয়ে মন্তব্য, বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ। ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসে ‘চাঁদা’ নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রোববার দুপুরে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মীদের নিয়ে বক্তব্য দিতে উঠে ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন- এই সেতুর অনুমোদন পেতে তিনি বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেছেন; কিন্তু ‘চাঁদা দাবি’ করায় কাজ দীর্ঘদিন আটকে ছিল। তার এমন মন্তব্যের পরপরই উপস্থিত থাকা বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা ফুয়াদকে লক্ষ্য করে চড়াও হন এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা করেন।

হামলায় এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদারসহ ৫–৭ জন আহত হন। তবে সহযোগীরা তাকে ঘিরে রাখায় ফুয়াদ শারীরিকভাবে আক্রমণের শিকার হননি।

সূত্র জানায়, প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

এ ঘটনা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “সেতু বাস্তবায়নের জন্য আমি বহু চেষ্টা করেছি। বিএনপি চায় নির্বাচনের পর উদ্বোধন করে এর কৃতিত্ব নিজেদের নিতে। সেজন্যই আমার ওপর হামলা হয়েছে। শনিবার একই কারণে মুলাদীতেও মঞ্চ ভাঙচুর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক পরিবেশ চাই। ভয়ভীতি ও নৈরাজ্য বন্ধ না হলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া কঠিন।”

ঘটনা সম্পর্কে জানতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495