সীতাকুণ্ডে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:১১ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া দুই বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার। হৃদয়বিদারক এ দুর্ঘটনায় আহত শিশুটিও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিনে স্বামী ও দুই বছর বয়সী মেয়ে ইয়াসাকে নিয়ে ভাটিয়ারী এলাকার একটি মেলায় ঘুরতে যান তারিন আক্তার। রাতের দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে শিশুটিকে বাবা-মায়ের মাঝখানে বসানো ছিল।

পথিমধ্যে অসাবধানতাবশত চলন্ত মোটরসাইকেল থেকে শিশুটি সড়কে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে মা তারিন আক্তারও রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, তারিন আক্তার অত্যন্ত দায়িত্বশীল ও ভদ্র স্বভাবের একজন কর্মী ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বার আউলিয়া মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495