গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:২১ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার ভোর ৬টা ৫৫ মিনিটে ফতুল্লার গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

উদ্ধারকারী রাকিব জানান, ভোরে বাসার সামনে থেকে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

সালমা বেগমের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে কালাম রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে গেলে প্রাণ বাঁচাতে দ্রুত বাইরে বের হয়ে আসেন তারা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং কথার ৫২ শতাংশ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495