বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজির মামলায় মো. মিলন (২৫) নামে যুবদল নেতা পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার করইতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মিলন চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে পরিচয় দিতেন।

জানা যায়, গত ২০ এপ্রিল চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বাদী হয়ে কমলনগর থানায় মিলনসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় মিলনকে এক নম্বর আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন— মোশারফ হোসেন (২৭), মেজবাহ উদ্দিন রাতুল (২২), আবদুল মন্নান (২০) ও মো. জিহাদ (২০)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর মিলনের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল এবং করইতলা এলাকার বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনার অভিযোগ ওঠে। স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, এসব কর্মকাণ্ড থেকে প্রভাবশালী নেতারাও সুবিধা পেতেন।

মামলার বাদী মো. মোরশেদ বলেন, করইতলা বাজারের এক ব্যক্তির আশ্রয়ে থেকে মিলন বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। সাবেক সংসদ সদস্য ও হুইপ এবিএম আশরাফ উদ্দিনের নির্দেশে তিনি মামলা করেছেন বলেও জানান।

তবে উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী দাবি করেন, এখনো ইউনিয়ন যুবদলের কোনো কমিটি গঠন করা হয়নি। মিলন যুবদলের কেউ নন এবং সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া সম্পূর্ণ মিথ্যা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম জানান, মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495