বজ্রপাতে দেশের ৬ জেলায় ৮ জনের মৃত্যু
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
দেশের বিভিন্ন জেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে অন্তত ৮ জন কৃষক ও শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নওগাঁ, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ময়মনসিংহ ও নাটোরে এসব পৃথক ঘটনা ঘটে। মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে তাদের মৃত্যু হয়।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নওগাঁ জেলায়। নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র, জুয়েল ও দিলীপ চন্দ্র বর্মণ প্রাণ হারান। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ করার সময় সোহেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বৃষ্টি শুরু হলেও তিনি মাঠে কাজ চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা প্রশাসন নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ইউসুফ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
এছাড়া ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান কাটার সময় আব্দুর রশিদ এবং কুড়িগ্রামের নাগেশ্বরীতে ওবাইদুল নামে আরেক কৃষক বজ্রপাতে প্রাণ হারান। নাটোরেও একই সময়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বজ্রপাতজনিত এসব ঘটনায় কৃষিপ্রধান এলাকাগুলোতে গভীর শোক নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ এড়িয়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিলে এ ধরনের প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে।