হাওড়ে ধান পানিতে তলিয়ে গেছে দেখে জমিতেই কৃষকের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:১৯ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ে পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার শোক সহ্য করতে না পেরে আক্তার হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার (২ মে) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আক্তার হোসেন দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়ার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য মোছা. নাছিমা আক্তার জানান, নিজের জমির ধান পানির নিচে তলিয়ে যেতে দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩ একর জমিতে বোরোধান চাষ করেছিলেন আক্তার হোসেন। টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় তার অধিকাংশ ধান নষ্ট হয়ে যায়। কিছু ধান কাটা হলেও পরিবহন সমস্যার কারণে তা ঘরে তুলতে পারেননি।

স্বজনদের দাবি, প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করায় ধান নষ্ট হওয়ার ঘটনায় তিনি গভীর মানসিক চাপের মধ্যে ছিলেন। বিকেলে জমিতে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে নতুন করে আরও ২ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওড় এলাকায়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495