পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান, ‘চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:১৩ পিএম
রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটিতে পদ পেতে অর্থ লেনদেনের অভিযোগ তুলে তারা স্লোগান দেন ‘চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’। শনিবার (২ মে) রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই একাংশ নেতাকর্মীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
রবিবার (৩ মে) পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলী বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদও জানানো হয়। তাদের অভিযোগ, নতুন কমিটিতে বিবাহিত, অছাত্র এবং শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন নতুন কমিটির সহসভাপতি নূর তালুকদার মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সম্পাদক মোখতার আহমেদ ও পারভেজ হোসেন সুমন এবং প্রচার সম্পাদক আব্দুল আহাদ। নূর তালুকদার মুন্না বলেন, যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তিনি শহরের নেতাকর্মীদের অনেককেই চেনেন না, তাই তাকে মেনে নেওয়া সম্ভব নয়।
পারভেজ হোসেন সুমন অভিযোগ করে বলেন, টাকা ও আইফোনের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। দ্রুত কমিটি বাতিল করে নিয়মিত ছাত্রদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ বলেন, ছাত্রদল একটি বড় সংগঠন, যেখানে সবার অবদান রয়েছে। তবে সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব নয়। যারা পদ পাননি, তাদের ক্ষোভ প্রকাশ স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।