এমপির মধ্যস্থতায় কলেজে হামলার ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করলেন অধ্যক্ষ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালী সরকারি কলেজে হামলা ও শিক্ষকের সঙ্গে অসদাচরণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের শেষ পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা। শনিবার (৩ মে) বিকেলে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের মধ্যস্থতায় অধ্যক্ষের কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হয়।

জানা যায়, গত বুধবার দুপুরে শিক্ষকরা মধ্যাহ্নভোজে ব্যস্ত থাকাকালে ছাত্রদলের একদল নেতাকর্মী কলেজে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় এক শিক্ষক আহত হন এবং অন্য শিক্ষকদের হুমকি দেওয়া হয়। ঘটনার পরপরই শিক্ষকরা জরুরি বৈঠক করে অভিযুক্তদের বহিষ্কারসহ আট দফা দাবি উত্থাপন করেন।

পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এতে কলেজ শাখার সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের পদ দুই মাসের জন্য স্থগিত এবং সাবেক সভাপতি আকবর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ঘটনার দুদিন পর শনিবার সংসদ সদস্য মো. শাহজাহান কলেজ ক্যাম্পাসে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা বলেন, এমপি আসার পর শিক্ষার্থীরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। তারা আমারই ছাত্র, তাই বিষয়টি মনে রাখিনি।

সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, শিক্ষার্থীরা যে কাজ করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র ও শিক্ষকের সম্পর্কের মধ্যে রাজনীতি থাকা উচিত নয়—শিক্ষকরা সবার শ্রদ্ধার পাত্র এবং শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থী হিসেবেই থাকা উচিত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495