উদ্বোধনের আগেই রাজিবপুর মডেল মসজিদে ফাটল, নির্মাণমান নিয়ে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
কুড়িগ্রামের রাজিবপুরে উদ্বোধনের আগেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় নির্মাণমান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নির্মাণকাজ শেষ হতে না হতেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, মসজিদ ভবনের একাধিক দেয়াল ও কাঠামোগত অংশে দৃশ্যমান ফাটল তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়সারাভাবে কাজ সম্পন্ন করার কারণেই জনগণের অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি উদ্বোধনের আগেই ঝুঁকির মুখে পড়েছে।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। সাইট ইঞ্জিনিয়ার দাবি করেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে ভবনের বিভিন্ন স্থানে এসব ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে প্রকল্পের ম্যানেজার বিষয়টিকে বড় সমস্যা হিসেবে দেখছেন না। তার মতে, এসব ফাটল দ্রুত মেরামত করা সম্ভব।
অন্যদিকে স্থানীয় সচেতন মহল বলছে, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এমন ফাটল দেখা দেওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা ও তদারকির ঘাটতির স্পষ্ট ইঙ্গিত।
এ বিষয়ে দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত, নির্মাণসামগ্রীর মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ভবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্বোধন স্থগিত রাখারও আহ্বান উঠেছে।