জামায়াত এমপির ওপর হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত জানায়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, সহিংসতা এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অন্যদিকে, ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মাছুম মোস্তফার ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্র করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের প্রাথমিক সত্যতা পাওয়ায় কেন্দ্রীয়ভাবে এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495