ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান (বাহারম)।
রোববার (২৬ এপ্রিল) তার দেওয়া পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার সৃষ্টি করে।
জানা গেছে, রাশেদুল হাসান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকার বাসিন্দা এবং রফিকুল ইসলামের ছেলে। তিনি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, কেউ তাকে পছন্দ করতে পারেন আবার কেউ অপছন্দও করতে পারেন। তবে তিনি সবসময় সমাজ ও দেশের কল্যাণে কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন। সত্য কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে তিনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করে জানান, তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।
পোস্টে আরও বলা হয়, পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে এসে পড়ায় রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই তিনি পেশাগত জীবনে মনোযোগ দিতে বাধ্য হয়েছেন। তবে একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রাশেদুল হাসান বলেন, পরিবারের দায়িত্ব বেড়ে যাওয়ায় রাজনীতিতে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। এজন্য তিনি নিজের পেশায় মনোযোগ দিতে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, রাশেদুল হাসান (বাহারম) কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে তার রাজনীতি ছাড়ার বিষয়টি তার জানা নেই।