পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান জানান, কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চাওয়া হয়েছিল। তিনি বলেন, বকুল মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাদের সংগঠনের কেউ জড়িত কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে দাবি করেন।

অন্যদিকে, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করেন, তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। এ সময় শিবিরের বিপুলসংখ্যক কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, শিবির কর্মীরাই কলেজ গেটের সামনে ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে।

এ বিষয়ে আমবাগান পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষ ক্যাম্পাস ত্যাগ করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495