জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কলেজছাত্র গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার রাতেই চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলার কথা রয়েছে।
গ্রেপ্তার শাকিল আহমেদ ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানকে যুক্ত করে একটি বিতর্কিত পোস্ট দেন শাকিল। পোস্টে একটি আপত্তিকর মন্তব্যও যুক্ত করা হয়, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে, বিষয়টি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক ফারুকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, বিতর্কিত পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।