হাতের টানেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেট, তদন্তে কমিটি গঠন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদ্য নির্মিত একটি সড়কের কার্পেটিং হাত দিয়ে টান দিলেই উঠে যাওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোটি টাকার এই উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠায় তদন্তে এক সদস্যের কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ। শনিবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সড়কের কাজে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত প্রায় এক হাজার ৭০ মিটার সড়ক উন্নয়নের কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় এক কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা। ২০২৫ সালের আগস্টে কাজ শুরু হয়।

প্রাথমিক কাজ শেষ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ আগে কার্পেটিং শুরু হলেও মাত্র ২০০ মিটার কাজের পরই উঠে আসে অনিয়মের অভিযোগ। ইতোমধ্যে এই প্রকল্প থেকে প্রায় ৮১ লাখ টাকা উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে।

সরকারি নথিতে এক প্রতিষ্ঠানের নাম থাকলেও বাস্তবে মাঠপর্যায়ে অন্য একজন কাজ পরিচালনা করছেন এমন অভিযোগও উঠেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, কাজ যথাযথ মান বজায় রেখেই সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে এবং প্রয়োজনীয় বিটুমিন প্রয়োগ করা হয়নি। ফলে নতুন কার্পেটিং হাতের টানেই উঠে যাচ্ছে। তারা দ্রুত অনিয়ম দূর করে মানসম্মতভাবে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কর্মকর্তা নাঈমা নাজনীন নাজ বলেন, সরেজমিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495